কক্সবাজারের উখিয়া উপজেলায় পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এই অভিযানে একটি ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, মোছারখোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি উজাড় করা হচ্ছে এবং ড্রেজার মেশিন দিয়ে খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত সাইফুল ইসলাম ভুট্টোকে (৪২) ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মোছার খোলা বিট অফিস থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরত্বে বনভূমির একটি বড় অংশ কেটে ফেলায় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় সহকারী বন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়খেকোদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের কারণে বনভূমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, ‘পরিবেশ ধ্বংস করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’
রিপোর্টারের নাম 

























