মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (২৪ এপ্রিল)। বাংলাদেশের দর্শকদের জন্যও রয়েছে সুখবর, একই দিন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাচ্ছে।
সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। এছাড়াও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন এবং জুলিয়ানো ক্রু ভ্যালদিসহ অনেকে।
২০০৯ সালে ৫০ বছর বয়সে প্রয়াত হন মাইকেল জ্যাকসন। মৃত্যুর দেড় যুগ পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। এখনো স্পটিফাইয়ে প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন মানুষ তার গান শোনেন। তাকে ঘিরে ভক্তদের আগ্রহ যে কমেনি, তা এই বায়োপিক নিয়ে তাদের ব্যাপক উচ্ছ্বাস থেকেই স্পষ্ট।
ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকো। এতে মাইকেলের সংগীতজীবনের শুরু থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করে কীভাবে এককভাবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় নাম হয়ে ওঠেন, তা এই সিনেমায় চিত্রিত হয়েছে।
এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প এবং তার বিখ্যাত কিছু পারফরম্যান্সও দেখানো হবে। গত ফেব্রুয়ারিতে এর ট্রেলার মুক্তির এক দিনের মধ্যেই তা ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে যায়। ধারণা করা হচ্ছে, মুক্তির পর ‘মাইকেল’ সিনেমাটিও ব্যাপক ব্যবসায়িক সাফল্য অর্জন করবে।
রিপোর্টারের নাম 

























