স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়াকে ‘তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার দেশ’ হিসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনকালে তিনি বলেন, মেঘনা ও তিতাস পাড়ের এই দেশ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মণের দেশ, কীর্তন ও বাউল গানের দেশ, ছানমুখি মিষ্টির অপূর্ব স্বাদের দেশ, দিগন্ত জোড়া হাওরের দেশ ব্রাহ্মণবাড়িয়া। তবে একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে, এটি তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার দেশও বটে।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতো সংগ্রামী যোদ্ধারা জন্ম নিয়েছেন, যাদের অবদানে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। তিনি আশুগঞ্জ এলাকার শিল্প কারখানার কথা উল্লেখ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা বাংলাদেশে সরবরাহ হলেও সেখানকার মানুষ পর্যাপ্ত গ্যাস পায় না।
নিজ নির্বাচনি এলাকা সরাইলের আবাসিক গ্যাস সংযোগ থাকা সত্ত্বেও গ্রাহকেরা গ্যাসের সংকটে ভুগছেন বলে দাবি করেন তিনি। সকাল সাতটা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না এবং অনেক সময় চুলা মিটিমিট করে জ্বলে। তিনি আরও জানান যে, ২০১৬ সালে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করা হলেও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বৈধ সংযোগধারীদের ভোগান্তির কারণ হচ্ছে। এতে মানুষ মাটির চুলা, এলপিজি ও বৈদ্যুতিক চুলার ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, ১৯৪০ টাকার এলপিজি সিলিন্ডার ২২শ টাকার নিচে পাওয়া যায় না এবং বিদ্যুতের চুলার ক্ষেত্রেও লোডশেডিং একটি বড় সমস্যা।
রিপোর্টারের নাম 



















