পপ সম্রাটের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। দীর্ঘ নির্মাণযাত্রা ও একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে ছবিটি একই দিনে আন্তর্জাতিকভাবে প্রেক্ষাগৃহে আসছে।
চলচ্চিত্রটি মাইকেল জ্যাকসনের জীবনের নানা পর্যায় তুলে ধরবে—শৈশবে সংগীত পরিবারের বেড়ে ওঠা, জ্যাকসন ফাইভের মাধ্যমে তার প্রাথমিক সাফল্য এবং পরবর্তীতে একক ক্যারিয়ারে বিশ্বসংগীতকে নতুন রূপ দেওয়ার গল্প। পাশাপাশি খ্যাতির শীর্ষে পৌঁছানোর পর ব্যক্তিজীবনে যে চাপ, মিডিয়ার নজরদারি এবং সাংস্কৃতিক প্রভাবের মুখোমুখি হয়েছিলেন, তাও সিনেমায় ফুটিয়ে তোলা হবে।
মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। পারিবারিক সম্পর্কের কারণে এই চরিত্রটি নিয়ে শুরু থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। অঁতোয়ান ফুকুয়া পরিচালিত এবং গ্রাহাম কিং প্রযোজিত এই ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে, কারণ গ্রাহাম কিং এর পূর্ববর্তী প্রযোজনা ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ব্যাপক সাফল্য পেয়েছিল।
বিশ্বজুড়ে মাইকেল জ্যাকসনের কোটি কোটি ভক্তের কারণে ছবিটি ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সংগীত, নাচ, ফ্যাশন ও পপ সংস্কৃতিতে তার বৈপ্লবিক প্রভাবকে বড় পর্দায় কীভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। বাংলাদেশেও ছবিটি মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে ইতোমধ্যে চলচ্চিত্রটির প্রচারণা দেখা গেছে।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চাইছি চলচ্চিত্রটি দেশের পর্দায় মুক্তি দিতে। তবে সেন্সর বোর্ডের অনুমতি পাওয়ার পরই কেবল আমরা নিশ্চিতভাবে বলতে পারব।’ সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আসতে যাওয়া ‘মাইকেল’ শুধু একটি বায়োপিক নয়, বরং পপ সংস্কৃতির ইতিহাসে এক যুগান্তকারী শিল্পীর জীবনকে নতুন করে দেখার সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 























