দেশের স্বাস্থ্যখাতের দীর্ঘস্থায়ী সংকট, জনবল স্বল্পতা এবং প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে উঠতে অর্থ ব্যয় ছাড়াই কার্যকর সংস্কারের একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই বাস্তবভিত্তিক প্রস্তাবগুলো তুলে ধরেন এবং দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
যশোর-২ আসনের এই সংসদ সদস্য তার বক্তব্যে স্বাস্থ্য খাতের করুণ চিত্র তুলে ধরেন। তিনি জানান, তার নির্বাচনী এলাকা চৌগাছা উপজেলার হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া দেড় দশকেও বাস্তবায়ন হয়নি। প্রায় ৩০টি দেশের স্বাস্থ্যব্যবস্থা পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে তিনি দাবি করেন, অতিরিক্ত বরাদ্দ ছাড়াই কেবল সঠিক তদারকি ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনা সম্ভব।
চিকিৎসক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. ফরিদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী প্রতি এক হাজার মানুষের বিপরীতে একজন চিকিৎসক থাকা প্রয়োজন। অথচ বাংলাদেশে প্রতি ১০ হাজার মানুষের জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক। প্রতিবেশী দেশ ভারতে প্রতি ৯০০ জনে এবং কিউবায় প্রতি এক হাজারে ৮.৫ জন চিকিৎসক সেবা দিচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, অননুমোদিত অনুপস্থিতি, কর্মস্থলে না থাকা এবং প্রেষণে থাকার কারণে স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের ‘সিস্টেম লস’ হচ্ছে। অনেকে নিয়মিত বেতন নিলেও কর্মস্থলে সেবা দিচ্ছেন না। এ পরিস্থিতি নিরসনে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে দুই মাসের মধ্যে জনবল সংকট সমাধানের পরামর্শ দেন তিনি। এছাড়া ক্রিপ্টোকারেন্সি চালুর বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে সংসদে প্রতিবেদন পেশ করার ওপরও গুরুত্বারোপ করেন এই সংসদ সদস্য।
রিপোর্টারের নাম 
























