চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার এবং দেশব্যাপী অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়, যেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসু ভিপি রিয়াজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, ছাত্রদলের ধারাবাহিক নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের রাজপথে নামতে হয়েছে। তিনি বলেন, ছাত্রদল কর্তৃক চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা এবং আশরাফুল ইসলামের গোড়ালি বিচ্ছিন্ন করার মতো নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি অবিলম্বে হামলাকারীদের বিচার এবং আহতদের চিকিৎসার খরচ সরকারকে বহন করার দাবি জানান।
আজিজুর রহমান আজাদ আরও বলেন, কিছুদিন পূর্বে ছাত্রদল কর্তৃক তেজগাঁও কলেজের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রদলের গডফাদার ও সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি অভিযোগ করেন যে, শুধু ছাত্রদল নয়, বিএনপিও নির্বাচনের আগে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে।
রিপোর্টারের নাম 





















