চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। মঙ্গলবার রাত ১০টার দিকে টিএসসি থেকে এই কর্মসূচি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।
ছাত্রদলের দাবি, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন’ করাকে কেন্দ্র করে ছাত্রশিবির তাদের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, শিক্ষাঙ্গনে ‘মেধাভিত্তিক ও ইতিবাচক রাজনীতির পরিবেশ’ নষ্ট করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, চট্টগ্রামে ছাত্রশিবিরের সাংগঠনিক অবস্থান শক্তিশালী হওয়ায় সেখানে ধারাবাহিকভাবে সহিংসতার ঘটনা ঘটছে। দেয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য এবং এর পুনরাবৃত্তি হলে ছাত্রদল কঠোর প্রতিক্রিয়া জানাবে।
কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে পরদিন বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রশিবির নেতাকর্মীরা ছাত্রদল ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের একাধিক নেতাকর্মীসহ শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছেন। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষাঙ্গনে ‘গুপ্ত রাজনীতি ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার’ আহ্বান জানায়।
রিপোর্টারের নাম 























