বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ মঙ্গলবার দুপুরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবিরও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, জুলাই সনদ এবং গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। বৈঠকে জার্মানির পক্ষ থেকে বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং দেশে গুণগত পরিবর্তন ও সংস্কার চায় যাতে একদলীয় শাসনের পুনরাবৃত্তি না ঘটে।
এছাড়াও, বাংলাদেশের টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
এই বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























