দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার শেষ হতে চলেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকের শিল্পী, কলাকুশলী এবং নির্মাতা মোস্তফা কামাল রাজ এই ঘোষণা দিয়েছেন। তবে, ঠিক কততম পর্বে গিয়ে নাটকটির সমাপ্তি ঘটবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
চ্যানেল আইয়ের পর্দায় প্রতি বুধ ও বৃহস্পতিবার প্রচারিত হওয়ার পর নাটকটি দর্শকদের জন্য সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও উপলব্ধ করা হয়। এ পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে এবং পারিবারিক গল্পের এই নাটকটি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই নাটকটি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব এবং মমত্ববোধের মতো বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং খায়রুল বাসারকে দেখা যাচ্ছে সামির চরিত্রে। মেহরী চরিত্রে রয়েছেন কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু এবং ইসরাতসহ আরও অনেক তারকা অভিনয় করেছেন। নাটকটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই এর চিত্রনাট্য লিখেছেন।
নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘পরিবার আমাদের সমাজের মূল শক্তি। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে নির্মিত গল্পগুলো সবসময়ই দর্শকের মনে গভীর ছাপ ফেলে। তাই এই সিরিজের ট্যাগলাইন হলো, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’ আমরা গল্পে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধ তুলে ধরার চেষ্টা করেছি, যাতে দর্শকরা নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান।’ তিনি আরও যোগ করেন, ‘পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরার প্রয়াসেই সিরিজটি তৈরি করা হয়েছে।’
‘এটা আমাদেরই গল্প’ নাটকে ব্যবহৃত গানগুলোও দর্শকদের মাঝে বেশ সমাদৃত হয়েছে। বিশেষ করে, টাইটেল গানটি সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি, এবং তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর। রবিবার ছিল নাটকটির শুটিংয়ের শেষ দিন। এই আবেগঘন পরিবেশে সকল কলাকুশলী একসঙ্গে নাটকের সমাপ্তি ঘোষণা করেন এবং নির্মাতা মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ ও স্যালুট জানান।
রিপোর্টারের নাম 

























