চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা প্রকাশ লালা মেথরকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার লালা ওই এলাকার সেবক কলোনীর বাসিন্দা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লালাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হলো। তবে মামলার চার্জশিটভুক্ত ৩৯ জন আসামির মধ্যে এখনো ১৩ জন পলাতক রয়েছেন, যাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওই সময় বিক্ষোভকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং আগামী ২৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
রিপোর্টারের নাম 























