সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে গত রবিবার রাতে সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দূরে অভিযান চালিয়ে ‘এফবি আব্দুর রহমান–২’ নামের বোটটিকে শনাক্ত করা হয়।
নৌবাহিনীর টহল জাহাজ ‘সমুদ্র অভিযান’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। নৌবাহিনী জানিয়েছে, জব্দকৃত সিমেন্ট ও বোটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
দেশের সমুদ্রসীমায় যেকোনো ধরনের অবৈধ পাচার, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এই সফল অভিযানের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচারের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করে দিল বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষাকারীরা।
রিপোর্টারের নাম 






















