রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে ষষ্ঠ দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন ডিবি পুলিশ আসামি আফজাল নাছেরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। ওই সময় নির্বিচারে চালানো গুলিতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন এবং পরবর্তীকালে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গত ৩০ মার্চ মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
রিপোর্টারের নাম 






















