মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে রেমিট্যান্স প্রবাহেও বড় ধরনের ধাক্কা আসতে পারে।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাণিজ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বাজার। বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ, হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান সংকটের ফলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, জাহাজ ভাড়া ও বিমা খরচ বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা সরাসরি দ্রব্যমূল্য ও রপ্তানি আয়ের ওপর চাপ সৃষ্টি করছে।
মন্ত্রী আরও জানান, ভারতসহ সার্কভুক্ত বেশ কিছু দেশের সাথে বাংলাদেশের বড় অংকের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে ভারতের সাথেই ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ৭ হাজার ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার। পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন বাজার অনুসন্ধান ও লজিস্টিক ব্যয় কমানোর নানা উদ্যোগ গ্রহণ করছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 























