সংরক্ষিত নারী আসনে সাবেক ছাত্রদল নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় বীথিকা বিনতে হোসাইন তাঁর প্রয়াত স্বামী শফিউল বারী বাবুর আদর্শ অনুসরণ করে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। রামগতি ও কমলনগর অঞ্চলে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা বীথিকা বিনতে হোসাইন ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে কাজ করছেন। তাঁর স্বামী শফিউল বারী বাবু বিএনপির একজন আলোচিত নেতা ছিলেন, যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং জীবনের একটি বড় অংশ কারাবরণ ও নির্যাতনের মধ্যে কাটিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।
রিপোর্টারের নাম 




















