বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনের জন্য ব্যারিস্টার শাকিলা ফারজানাকে মনোনয়ন দিয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ ৩৫ সদস্যের এই প্রার্থী তালিকা প্রকাশ করেন।
চট্টগ্রাম থেকে মনোনীত এই আইনজীবী দলের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি প্রয়াত সংসদ সদস্য ও বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। বাবার উত্তরসূরি হিসেবে শাকিলা ফারজানা চট্টগ্রামের রাজনীতিতে সক্রিয় এবং বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। ২০১৫ সালে জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের মিথ্যা অভিযোগে র্যাবের করা মামলায় তিনি দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাবরণ করেন এবং পরে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন।
শাকিলা ফারজানা ২০০৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটে মানবাধিকার সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক এবং বর্তমানে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য হিসেবেও রয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, নারী অধিকার রক্ষা এবং রাজপথে সক্রিয় ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনেও তার এই মনোনয়ন ইতিবাচক সাড়া ফেলেছে।
রিপোর্টারের নাম 




















