বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতি বিভাগে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ববিতার হাতে এই পুরস্কার তুলে দেন।
সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন বক্তব্যে ববিতা তার প্রয়াত বাবার স্মৃতি চারণ করেন। তিনি বলেন, তার বাবার স্বপ্ন ছিল সন্তানরা যেন নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়। আজ এই আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়ে তিনি অভিভূত এবং এই সম্মাননাটি দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে ববিতা ছাড়াও কৃষি, শিক্ষা, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও ১১ জন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য, বরেণ্য এই অভিনেত্রী কিছুদিন আগেই একুশে পদকে ভূষিত হয়েছেন। বর্তমানে নতুন কোনো চলচ্চিত্রে কাজ না করলেও ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছেন তিনি। আয়োজকরা জানান, ১৮৪৯ সাল থেকে বিশ্বজুড়ে অনুসরণীয় গুণীজনদের কাজের স্বীকৃতি দিয়ে আসছে ‘হুজ হু’, যা এবার বাংলাদেশেও সফলভাবে আয়োজিত হলো।
রিপোর্টারের নাম 

























