চলতি হজ মৌসুমকে ঘিরে সৌদি আরব কর্তৃপক্ষ হজ পালনের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো ভিজিট ভিসায় হজ পালন করা যাবে না। পবিত্র মক্কা নগরীতে প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত শুধুমাত্র হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র (পারমিট) থাকলে মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানগুলোতে প্রবেশ করা যাবে। এই নির্ধারিত সময়ের মধ্যে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা সেখানে অবস্থান করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
অবৈধভাবে হজ পালনের চেষ্টার জন্য বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। যথাযথ পারমিট ছাড়া ভিজিট ভিসাধারীরা মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশের চেষ্টা করলে তাদের ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও, যেসব প্রবাসী বা ভিজিট ভিসাধারী হজ পালনের চেষ্টা করবেন, তাদের সৌদি আরব থেকে বহিষ্কার (ডিপোর্ট) করা হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
এই কঠোর ব্যবস্থার অংশ হিসেবে, ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমাও কার্যকর করা হয়েছে। সম্প্রতি ওমরাহ যাত্রীদের দেশত্যাগের শেষ দিন নির্ধারিত হয়েছে। এই নির্ধারিত সময়ের পর দেশটিতে অবস্থান করাকে আইন লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান বা কোম্পানি যদি ওমরা যাত্রীদের অতিরিক্ত সময় অবস্থানের বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়, তবে তাদের এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা পারমিট প্রদান বন্ধ থাকবে। এই নিয়ম নাগরিক, প্রবাসী এবং জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মূলত, এই সময়ে শুধুমাত্র হজের অনুমতিপত্রধারী ব্যক্তিদের জন্যই মক্কায় প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম এই সমাবেশকে কেন্দ্র করে হজযাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য এই বিশেষ অপারেশনাল প্ল্যান গ্রহণ করা হয়েছে। এ বছরের হজ প্রচারণার মূল স্লোগান হলো—‘অনুমতি ছাড়া কোনো হজ নয়’। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
রিপোর্টারের নাম 






















