মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও ফ্লাইট জটিলতার কারণে বিদেশে আটকে থাকা ৩৪ বাংলাদেশি প্রবাসীর মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করে ৩০ জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এছাড়া একই দিনে মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও চারজন প্রবাসীর মরদেহ দেশে এসেছে।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, কুয়েত থেকে আসা ৩০ প্রবাসীর মরদেহ আগে থেকেই ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বেশ কয়েকবার নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। পরবর্তীতে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়। একই দিনে ভিন্ন ফ্লাইটে মালয়েশিয়া থেকে দুইজন এবং লিবিয়া থেকে আরও দুইজনের মরদেহ এসে পৌঁছায়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট ফ্লাইট সংকটে এই মরদেহগুলো সংশ্লিষ্ট দেশগুলোতে আটকা পড়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের মরদেহ বুঝে পেয়ে বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 























