ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত নেতৃবৃন্দ দেশের ক্রমবর্ধমান জনদুর্ভোগ লাঘবে সরকারের প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার বলেন, দেশজুড়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, একদিকে জ্বালানি সংকট এবং অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এর সাথে যুক্ত হয়েছে চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এছাড়াও, নারী হত্যা ও নারী নির্যাতনের মতো ঘটনা এবং জনগণের নিরাপত্তাহীনতা চরম হুমকির মুখে পড়েছে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এমতাবস্থায় সরকার যদি এসব সমস্যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধবে এবং তা পরবর্তীতে জনরোষে রূপ নিতে পারে। তখন হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই, জনদুর্ভোগ লাঘবে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
রিপোর্টারের নাম 






















