জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলগুলোকে সংসদে কারণে-অকারণে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সরকারি দলকে বিরোধী দলের জন্য কাজ করার সুযোগ দিতে এবং তাদের সঙ্গে সমন্বয় করে চলতে পরামর্শ দিয়েছেন। শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের একটি অধিকার এবং রাজনৈতিক চর্চার অংশ। তবে, দীর্ঘ সময় সংসদ বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একযোগে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য ধরে রাখার ওপর জোর দেন। অন্যথায়, যারা বিদেশে পালিয়ে আছে, তারা ফিরে এসে দুঃশাসন কায়েম করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
স্পিকার আরও বলেন, বিগত ষোল বছর আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল, যেখানে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে এবং সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। গণতন্ত্র ও মানবাধিকারকে নির্বাসনে পাঠানো হয়েছিল। অবশেষে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো স্বৈরশাসনের বিরুদ্ধে এক থাকবে এবং গণতন্ত্রকে আর কখনো হারিয়ে যেতে দেবে না। কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার যেন সব সময় প্রতিষ্ঠিত থাকে এবং মানুষ যেন তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে, সে জন্য সব দল ঐকমত্য থাকবে।
রিপোর্টারের নাম 






















