গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ শেষে গণমিছিলটি কাকরাইল-নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় টিকে থাকা যায় না, এজন্য প্রয়োজন জনসমর্থন। তিনি সরকারের উদ্দেশে বলেন, সংসদে আপনাদের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের ছিল। কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগও ক্ষমতায় টিকতে পারেনি। গণভোটে রায় মেনে না নিয়ে আপনারাও জনগণের বিপক্ষে গেলে ক্ষমতায় টিকতে পারবেন না। জনগণ যদি রাজপথে নামে তবে রক্ষা পাওয়া যাবে না। দলীয় পেটুয়া বাহিনী দিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না, যাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি মানতে রাজি হয়নি, পরবর্তীতে আন্দোলনের মুখে বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছে। জুলাই সনদও বিএনপি মানতে চাচ্ছে না, তবে আন্দোলনের মুখে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য হতে হবে। সরকার মব সৃষ্টিতে উসকানি ও সমর্থন দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার যে সংবিধানের দোহাই দিচ্ছে সেই সংবিধানে কি মতপ্রকাশের স্বাধীনতা নেই? যদি থাকে তবে কেন জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসায় মব সৃষ্টি করা হয়েছে? কোন সংবিধানের ক্ষমতাবলে সরকার গঠন করেছেন প্রশ্ন রেখে তিনি বলেন, সংবিধানের কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না তা হতে দেওয়া হবে না। জনগণ পরিবর্তনের পক্ষে সুতরাং পুরাতন ব্যবস্থায় আর দেশ চলতে পারে না। নতুন ব্যবস্থার জন্য দ্রুত গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে অধিবেশন আহ্বান করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনের পর গণতন্ত্রের পরিবর্তে জিয়া তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বিএনপি ক্ষমতায় বসেই রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দলীয় নেতাকর্মীদের দিয়ে দখল করে নিয়েছে। মানুষকে তেলের জন্য সরকার সিরিয়ালে দাঁড় করিয়েছে।
রিপোর্টারের নাম 






















