বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ রাতে প্রচারিত হবে নিজস্ব প্রযোজনায় নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’। রাত ১০টার সংবাদের পর অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শক। হুমায়ূন কাবেরীর গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের পর্বে থাকছে সুরের জাদু নিয়ে কণ্ঠশিল্পী রবি চৌধুরী এবং জনপ্রিয় ব্যান্ড নক্ষত্রের পরিবেশনা। নাচের ছন্দে দর্শক মাতাতে বিশেষ কোরিওগ্রাফি করছেন খ্যাতিমান কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন।
অনুষ্ঠানে ৩০ জন মডেলের অংশগ্রহণে একটি নজরকাড়া সমসাময়িক ফ্যাশন শো থাকবে, যার কোরিওগ্রাফি করেছেন ইমতিয়াজ রেজা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘টাকা’ শিরোনামের একটি স্যাটায়ার গান। হুমায়ূন কাবেরীর কথায় এবং মম রহমানের সুর ও কণ্ঠে এই গানে পারফর্ম করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভির। গানটির মডার্ন নাচের কোরিওগ্রাফি করেছেন এ্যাঞ্জেল প্রিন্স। এছাড়াও, মজার মজার সামাজিক বিড়ম্বনা নিয়ে সাজানো নাট্যাংশে অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, আব্দুল আজিজ, প্রাণেশ চৌধুরী, শাওন আশরাফ, তুহিন চৌধুরী, সানোয়ার খান, সূচনা সিকদার, সানজিদা কানিজ, হায়দার আলি, উত্তম অধিকারী, সুহৃদ জাহাঙ্গীর, শুভরাজ, মোরর্শেদ মুকুলসহ আরও অনেকে। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে রম্য প্রতিবেদন নিয়ে হাজির হচ্ছেন লিটন খন্দকার।
‘বর্তমান’-এর বিশেষ আয়োজন ‘প্রবাস পর্ব’-এ এবার দেখানো হবে ইতালির বিখ্যাত ভ্যাটিকান সিটি নিয়ে একটি বিশেষ সচিত্র প্রতিবেদন, যা তৈরি করেছেন অনুষ্ঠানের ইতালি প্রতিনিধি শিমুল রহমান। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন গোলাম মোর্শেদ ও মামুন মাহমুদ। সহকারী হিসেবে ছিলেন মেসবা উদ্দিন মিলন। অনুষ্ঠানের সেট ও শিল্পনির্দেশনায় শারমিন নিগার এবং সার্বিক সমন্বয়ে ছিলেন মাযহার সুমন। সামাজিক সচেতনতা ও বিনোদনের মেলবন্ধন হিসেবে ‘বর্তমান’ দর্শকদের মনে পুনরায় জায়গা করে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 
























