ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি দেশটির সেনাবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় ‘অহংকার ও কুফরি শক্তির’ বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ঘোষণা দেন, ইরান তার সামরিক শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে শত্রুদের দুর্বলতা উন্মোচন করে চলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী বিশ্বজুড়ে শত্রুদের ‘দুর্বলতা ও লাঞ্ছনা’ প্রকাশ করে দিয়েছে। তিনি দাবি করেন, ইরানের ড্রোনগুলো ‘আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর বজ্রের মতো আঘাত হানছে’ এবং দেশটির নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে প্রস্তুত।
বর্তমান যুদ্ধকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব থেকে শুরু করে আগের দু’টি ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ এবং বর্তমান সংঘাত পর্যন্ত সেনাবাহিনী তার সঠিক অবস্থানে অটল রয়েছে। তিনি সেনাবাহিনীকে ‘জনগণের হৃদয়ের অংশ’ এবং ‘জাতির প্রকৃত সন্তান’ হিসেবে আখ্যায়িত করেন।
বার্তায় তিনি তার পূর্বসূরি ও নিহত বাবা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আলি খামেনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে রক্ষা করতে এবং এর সক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে আলি খামেনি নিহত হওয়ার পর মুজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি।
সর্বশেষে তিনি ‘যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসকের চাপিয়ে দেওয়া যুদ্ধে’ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বার্তা শেষ করেন।
রিপোর্টারের নাম 

























