পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাজু ইসলাম (১০) ও লাম্মিম হোসেন (১৩) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই ছিল।
শুক্রবার দুপুরে উপজেলার চেংঠীহাজরাডাঙ্গা ইউনিয়নের লক্ষীনারায়ণী বালাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে রাজুর এবং সাড়ে ৪টার দিকে লাম্মিমের মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।
নিহত রাজু ইসলাম উপজেলার চেংঠীহাজরাডাঙ্গা এলাকার রাশেদ হকের ছেলে এবং লাম্মিম হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে। তারা একসঙ্গে মামার বাড়িতে থেকে বড় হচ্ছিল। রাজু ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং লাম্মিম ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের আগে তারা করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাঁতার না জানায় সে লাম্মিমের সঙ্গে পানিতে নামে। এক পর্যায়ে রাজু ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে লাম্মিমও নদীর গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হন এবং নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় নদীতে অনুসন্ধান শুরু করেন।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় প্রথমে একজনকে এবং পরে তাদের দল অন্যজনের লাশ উদ্ধার করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 























