সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে বোরো ধান কাটার সময় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। নিহতদের মধ্যে হবিবুর রহমান (২২) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং রহমত উল্লাহ (১৩) জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চাচার সঙ্গে টগার হাওর সংলগ্ন চকিয়াচাপুর গ্রামে বোরো ধান কাটতে গিয়েছিলেন হবিবুর রহমান। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত ধর্মপাশা সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়।
একই দিন দুপুর ১টার দিকে জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর ইসলামপুর গ্রামেও বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের জয়নাল হক (৩৫), তার ছেলে রহমত উল্লাহ এবং লাল সাধুর স্ত্রী শিখা মনি (২৫) আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষণা করেন। জয়নাল হক ও শিখা মনিকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
রিপোর্টারের নাম 





















