ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে ডা. মাহমুদা আলম মিতু সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হতে চলেছেন। এই খবরটি এখন ঝালকাঠিতে ‘টক অব দ্য টাউন’ এ পরিণত হয়েছে। ডা. মাহমুদা মিতু নিজেও গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, জামায়াত তাদের নির্ধারিত আসন থেকে এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে একটি আসন উপহার হিসেবে দিয়েছে, যা জেলা জামায়াতের একটি শীর্ষ সূত্র নিশ্চিত করেছে।
ডা. মাহমুদা আলম মিতুর পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ার দক্ষিণ কৈখালী গ্রামে। তার দাদা আমজাদ হোসেন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শৈশব ও শিক্ষাজীবনের একটি বড় অংশ তিনি ঝালকাঠি ও বরিশালে কাটিয়েছেন। শৌলজালিয়া হাইস্কুল থেকে অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জন এবং বেতাগী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।
মনোনয়ন পাওয়ার আগে থেকেই ডা. মিতু ঝালকাঠি-১ এলাকায় তরুণদের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিক্ষা উন্নয়ন ও গ্রামীণ স্বাস্থ্যসেবায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। ‘কেয়ার অব মিতু’ নামের একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১১দলীয় জোটের মনোনীত জামায়াতের প্রার্থীর পক্ষে ব্যাপক জনসংযোগও করেন। ডা. মিতু জানিয়েছেন, মানুষের সেবা করার ইচ্ছা থেকেই তিনি এই পর্যায়ে এসেছেন এবং চিকিৎসক হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা এবং কমিউনিটি স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে চান। তিনি ঝালকাঠিকে একটি নিরাপদ, শিক্ষিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 





















