দীর্ঘ ২৮ বছর পর কিংবদন্তি সুরকার লাকী আখন্দের সুর করা একটি গান নতুন করে কণ্ঠে তুলে এনেছেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী তরুণ মুন্সী। ১৯৯৮ সালে ধানমন্ডির এক আড্ডায় সুরকার লাকী আখন্দ ও গীতিকার গোলাম মোর্শেদের অংশগ্রহণে গানটির জন্ম হয়েছিল। তবে সময়ের স্রোতে গানটি তখন আলোর মুখ দেখেনি।
‘যার কাছে মন রেখে’ শিরোনামের এই গানটি নিয়ে স্মৃতিচারণ করে গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাই আমার জীবনের একটি বড় অংশ জুড়ে ছিলেন। তাকে ভেবেই অসংখ্য গান লিখেছি। এই গানটি তিনি নিজেই সুর করেছিলেন, কিন্তু ব্যস্ততা ও সময়ের অভাবে তার আর গাওয়া হয়ে ওঠেনি। তিনি চলে যাওয়ার পর গানটিও যেন থেমে যায়।’
গোলাম মোর্শেদ আরও জানান, লাকী আখন্দের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এমন একজন শিল্পীর সন্ধান করছিলেন যিনি গানটির আবেগ সঠিকভাবে ধারণ করতে পারবেন। সেই জায়গা থেকে তরুণ মুন্সীর নামই তার কাছে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। তিনি বিশ্বাস করেন, তরুণ মুন্সী গানটির প্রতি সুবিচার করেছেন।
গানটি গাইতে পেরে তরুণ মুন্সীও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে লাকী ভাইয়ের গান শুনে বড় হয়েছি, তাকে অনুসরণ করেছি। তার জন্য লেখা গান গাইতে পারব, তা কখনো ভাবিনি। গানটির কথা শোনার পর থেকেই আমার ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল।’
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। গান জানালার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
রিপোর্টারের নাম 

























