মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। জাহাজ চলাচল ও নৌ-অবরোধ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চললেও তাদের ওপর মার্কিন নৌ-অবরোধ কঠোরভাবে বহাল থাকবে।
এদিকে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর অবরোধ অব্যাহত রাখে তবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রায় ৪০টি দেশের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। তারা জানিয়েছেন, এই জলপথে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক শান্তি মিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ বিষয়ে তার ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী মে মাসে চীনে অনুষ্ঠেয় এক বৈঠকে বিষয়টি নিয়ে ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। সব মিলিয়ে হরমুজ প্রণালির ভবিষ্যৎ এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার ওপর নির্ভর করছে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তা।
রিপোর্টারের নাম 





















