হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা আসলেও শেষ পর্যন্ত সেই পথ অতিক্রম করতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালিতে প্রবেশ করে ভোরের মধ্যে তা অতিক্রম করার পরিকল্পনা থাকলেও ইরানি নৌবাহিনীর কঠোর নির্দেশে মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষার নির্দেশ দেয় এবং সাফ জানিয়ে দেয় যে ইরানের বিশেষ অনুমতি ছাড়া কোনো জাহাজ এগোতে পারবে না। ফলে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রণালির ভেতরেই আটকা পড়ে জাহাজটি।
একপর্যায়ে বেতার বার্তার মাধ্যমে ইরানের বাহিনী জাহাজটিকে অগ্রসর না হয়ে পুনরায় পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পরিস্থিতির অবনতি দেখে নিরাপত্তার স্বার্থে ‘বাংলার জয়যাত্রা’ যাত্রা স্থগিত করে আবারও নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পারস্য উপসাগরের দিকে ফিরে যাচ্ছে। উল্লেখ্য, ৩১ জন নাবিক নিয়ে এই জাহাজটি প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিক্ষুব্ধ অঞ্চলে চরম অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছে। এর আগেও গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করেও ১০ এপ্রিল অনুমতি না পেয়ে শারজাহ উপকূলে ফিরে যেতে বাধ্য হয়েছিল জাহাজটি। বারবার অনুমতি না পাওয়ার এই ঘটনা জাহাজটির গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে।
রিপোর্টারের নাম 

























