ভৌতিক সিনেমার দর্শকদের জন্য রোমাঞ্চকর খবর নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৭ এপ্রিল আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের এই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকান অতিপ্রাকৃত হরর সিনেমা ‘দ্য মমি’। তবে এবারের মমি ফ্র্যাঞ্চাইজিটি আগের অ্যাডভেঞ্চারধর্মী ছবিগুলোর তুলনায় একেবারেই আলাদা। পরিচালক লি ক্রোনিন এটিকে একটি ‘আর রেটেড’ বডি-হরর সিনেমা হিসেবে নির্মাণ করেছেন, যেখানে পরতে পরতে রয়েছে ভীতি ও নৃশংস দৃশ্য।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক সাংবাদিক ও তার পরিবারকে কেন্দ্র করে। একটি সুখী পরিবারের ছোট মেয়ে হঠাৎ নিখোঁজ হওয়ার পর দীর্ঘ আট বছর পর তাকে মরুভূমিতে খুঁজে পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ সময়ে মেয়েটির বয়স বাড়েনি। বাড়ি ফেরার পর তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় এবং ধীরে ধীরে তার শরীরে প্রাচীন এক অতিলৌকিক শক্তির প্রভাব পড়তে শুরু করে। এক পর্যায়ে মেয়েটি মমি হিসেবে রূপান্তরিত হতে থাকে, যা পুরো পরিবারের জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে।
মুক্তি পাওয়ার আগেই ছবিটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। পারিবারিক ট্র্যাজেডি আর অতিপ্রাকৃত ঘটনার সংমিশ্রণে নির্মিত এই ছবিটি ২০২৬ সালের অন্যতম আলোচিত হরর সিনেমা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























