দেড় মাসের দীর্ঘ বিরতি শেষে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার একটি ব্যাংক থেকে সাত কোটি ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ২ মার্চ সর্বশেষ আড়াই কোটি ডলার কেনা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, বুধবার প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে কেনা হয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৫৫৬ কোটি ডলার বাজার থেকে সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কর্মকর্তাদের মতে, ইরান-ইসরায়েল পরিস্থিতির কারণে বাজারে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছিল, যার ফলে আমদানিকারকরা আগেভাগেই বকেয়া পরিশোধের চাপ তৈরি করেন। তবে বর্তমানে সেই চাপ কমে আসায় এবং ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক পুনরায় ডলার কেনা শুরু করেছে।
এদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনেই দেশে ১৬০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। রেমিট্যান্সের এই ইতিবাচক ধারার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও উন্নতি হচ্ছে। বর্তমানে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলারে।
রিপোর্টারের নাম 























