আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি দেশব্যাপী মুক্তি পাবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিতে সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গ্রামবাংলার শেকড়সন্ধানী সুরের এই গানটি ইতোমধ্যেই সংগীতাঙ্গন ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রাজীব আহমেদ রাজুর কথা, সুর ও কণ্ঠে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। অডিও প্রোডাকশনের কারিগরি কাজগুলো সম্পন্ন হয়েছে ‘স্টুডিও কাউবেল’-এ। নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ সিনেমাটি মূলত এক সাধু ও তার স্ত্রীর মধ্যকার এক সরল অথচ গভীর সম্পর্কের আখ্যান। দীর্ঘ প্রস্তুতির পর এই গানের মাধ্যমেই সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনি আশা করেন, গানের সুরের মতোই সিনেমার গল্পটিও দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।
সিনেমার প্রধান অভিনেত্রী নাজিফা তুষি গানটি নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অনেক আগে থেকেই এই প্রজেক্টের আইডিয়া ও প্রস্তুতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। রাজীব আহমেদ রাজুর দরদি গায়কী এবং শোয়েবের অসাধারণ কম্পোজিশনের এই গানটি তার ব্যক্তিগতভাবেও খুব প্রিয়। ঈদে সিনেমাটি দর্শকদের অকৃত্রিম ভালোবাসা পাবে বলে তিনি বিশ্বাস করেন।
রিপোর্টারের নাম 
























