ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আহসান মঞ্জিলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে ঢাকা শহরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, ইতিহাসের শেকড়ের সাথে বর্তমান প্রজন্মের সেতুবন্ধনই বাঙালি সংস্কৃতিকে পূর্ণতা ও বিকাশ দান করবে।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশনের কার্যক্রম মূলত ২৪ ঘণ্টা সেবা প্রদানের ওপর নির্ভরশীল। বর্তমান সরকারের জনসেবার তাগিদে অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হয়। জনগণের সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়ায় মাঠ পর্যায়ে সার্বক্ষণিক সক্রিয় থাকা অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী নগরবাসীকে দ্রুততম সময়ে সেবা প্রদানে ডিএসসিসি অঙ্গীকারবদ্ধ।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক আগামী দিনে ডিএসসিসির মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনের মতো অগ্রাধিকারমূলক পরিকল্পনাগুলো তুলে ধরেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত চলা এই উন্মুক্ত অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর গান ও নাচের পরিবেশনা করেন। লোকজ সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনে অনুষ্ঠানস্থল এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
রিপোর্টারের নাম 






















