শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এই উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
মঙ্গলবার সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ ও ‘আনন্দলোক’ আয়োজিত পৃথক বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সীমিত সম্পদ ও ব্যক্তিগত উদ্যোগে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এই অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।
তিনি আরও জানান, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সিলেটের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সাংস্কৃতিক চর্চা ও শিশু-কিশোরদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। নববর্ষের শুভক্ষণে মন্ত্রী সকলকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।
রিপোর্টারের নাম 






















