ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে তাদের ধারণাগত ও নৈতিক বোঝাপড়া উন্নত করার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ‘জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক তিন দিনব্যাপী এই আবাসিক কর্মশালাটি ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর সদস্যদের জন্য অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত নীতি কাঠামো, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া, জবাবদিহিতা এবং তথ্যের স্বচ্ছতার ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি ও দুর্নীতির ঝুঁকিপ্রবণ ক্ষেত্রগুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের একটি স্পষ্ট ধারণা দেওয়া। এর মাধ্যমে তাদের অনুসন্ধানী প্রতিবেদনগুলোকে আরও কার্যকর, প্রভাবশালী এবং জনমুখী করে তোলাই ছিল প্রধান লক্ষ্য।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের রূপান্তরের প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না, যার অন্যতম কারণ হলো পুরো সেক্টরটি বর্তমানে জীবাশ্ম জ্বালানি লবির দ্বারা নীতিগতভাবে প্রভাবিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণমাধ্যমকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যত বেশি তথ্যনির্ভর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হবে, ততই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
গত ১০ থেকে ১২ এপ্রিল রাজেন্দ্রপুরের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (সিডিএম)-এ অনুষ্ঠিত এই আবাসিক প্রশিক্ষণে এফইআরবি-এর সদস্যভুক্ত জ্বালানি খাতের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ডেটা সাংবাদিকতা, তথ্যের উৎস ও প্রাপ্যতা, অনুসন্ধানী সাংবাদিকতার মূলনীতি, সরঞ্জাম ও কৌশল, জ্বালানি খাতে সুশাসন-সংক্রান্ত ঝুঁকির ক্ষেত্রসমূহ, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা, প্রতিবেদনের সুযোগ ও প্রতিবন্ধকতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং বিভিন্ন ডেটা বিশ্লেষণ সরঞ্জাম ও উপস্থাপনা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দলগত অনুশীলন ও আলোচনার মাধ্যমে বৈশ্বিক চর্চা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুসন্ধানী প্রতিবেদনের কার্যকর কৌশল মূল্যায়ন করা হয়।
রিপোর্টারের নাম 






















