জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও দেশ একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। তিনি মনে করেন, বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করা জরুরি, কিন্তু বর্তমান বিএনপি সরকার এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একাদশ দলীয় জোট আয়োজিত শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, সরকার কখনোই সংস্কার বাস্তবায়ন করবে না। তিনি বলেন, আমরা চেয়েছিলাম সংসদে সবকিছুর সমাধান হবে, কিন্তু সংসদকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তাই এখন গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, এবার আমাদের পরিকল্পনা মাফিক রাজপথে নামতে হবে এবং কোনোভাবেই ব্যর্থ বা আংশিকভাবে সফল হতে চাই না। সংস্কার কোনো দলের একক দাবি নয়, এটি দেশ রক্ষার প্রশ্ন। আমরা ঐক্যবদ্ধ আছি এবং এবার মঞ্চের নেতাদেরই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। গুলি আসলে তা আমাদের বুকে লাগবে। তিনি জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, ‘ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং সংস্কার বাস্তবায়ন করা হবে। বিএনপি বা কোনো বিদেশি শক্তি বাধা দিলে তাদের পরাজিত করা হবে।’
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকার শহীদ পরিবারগুলোকে ব্যবহার করছে। তিনি বলেন, জুলাইয়ের শহীদ ও আহতরা এদেশের সম্পদ। তাদের নিয়ে রাজনীতি করতে সরকার বিভিন্ন সময়ে তাদের কাজের বৈধতা দিচ্ছে। তিনি বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, সরকার গঠনের পর থেকে বাংলাদেশ পেছনের দিকে হাঁটছে। বিএনপি গণআন্দোলনের সুফল ভোগ করলেও তিন জোটের রূপরেখাকে উপেক্ষা করেছে এবং এখনও জুলাই সনদ ও অধ্যাদেশ প্রত্যাখ্যান করছে।
রিপোর্টারের নাম 



















