সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় বন্দরনগরী জাজানে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, হুথিদের ছোড়া একটি বস্তু জাজানে আঘাত হেনেছে। তবে সেটি ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র ছিল, সে বিষয়ে জোটের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।
সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, এই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা নিরূপণে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে লোহিত সাগর উপকূলের সব সৌদি বন্দরে হামলার হুমকি দিয়ে সেগুলো খালি করার আহ্বান জানিয়েছিল ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি। মূলত সৌদি জোট ইয়েমেনের গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরে হামলার হুমকি দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদির বন্দরগুলোতে হামলার এই হুমকি দেয় ইরান-সমর্থিত হুথিরা।
এক বিবৃতিতে হুথি মুখপাত্র বজায়াহ সারে জেদ্দাসহ অন্যান্য বন্দরে কর্মরত কর্মী, শ্রমিক এবং আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করার অনুরোধ জানান। পাশাপাশি সংশ্লিষ্ট শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন।
উল্লেখ্য, লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বাণিজ্যিক বন্দর। হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মূল পথ এটি। আমদানিকৃত খাদ্যের ওপর নির্ভরশীল দেশটির লাখ লাখ মানুষের মানবিক সহায়তার ক্ষেত্রে এই বন্দরটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

























