কিউবার কিংবদন্তি নেতা ফিদেল কাস্ত্রো (১৯২৬-২০১৬) ১৯৫৯ সালে ফুলহেনসিও বাতিস্তার সামরিক স্বৈরশাসনের পতন ঘটিয়ে পশ্চিম গোলার্ধে প্রথম কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। প্রায় পাঁচ দশক তিনি কিউবা শাসন করার পর ২০০৮ সালে তার ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
কাস্ত্রোর শাসনামলে নিরক্ষরতা হ্রাস, বর্ণবৈষম্য দূরীকরণ এবং জনস্বাস্থ্যসেবার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। তবে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগে তার সরকার সমালোচনার মুখেও পড়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার দীর্ঘ বৈরিতার ইতিহাসে ‘বে অব পিগস অভিযান’ ও ‘কিউবান মিসাইল সংকট’ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীতে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও কিউবা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়, যা দীর্ঘদিনের বৈরিতার অবসানের পথ প্রশস্ত করে।
ফিদেল কাস্ত্রোর জন্ম ১৯২৬ সালের ১৩ আগস্ট কিউবার পূর্বাঞ্চলের ছোট শহর বিরানে। তার বাবা ছিলেন স্পেনীয় বংশোদ্ভূত ধনী আখচাষি, যিনি কিউবার স্বাধীনতাযুদ্ধের সময় দ্বীপটিতে এসেছিলেন। কাস্ত্রোর মা ছিলেন তার বাবার পরিবারের গৃহকর্মী এবং তাদের বিয়ের আগেই ফিদেল জন্মগ্রহণ করেন। শৈশবে যাজক পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন কাস্ত্রো, যার মধ্যে কোলেজিও দে বেলেন অন্যতম। সেখানে তিনি বেসবল খেলায়ও বেশ পারদর্শী ছিলেন। পরবর্তীতে হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হয়ে তিনি ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন এবং দুর্নীতিবিরোধী অর্থোডক্স পার্টিতে যোগ দেন।
১৯৫০ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে তিনি আইন পেশায় প্রবেশ করেন। ১৯৫২ সালে কিউবার প্রতিনিধি পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা থাকলেও ওই বছরের মার্চে ফুলহেনসিও বাতিস্তা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করায় সেই নির্বাচন বাতিল হয়ে যায়। এরপরই বাতিস্তা সরকার উৎখাতের সশস্ত্র পরিকল্পনা শুরু করেন কাস্ত্রো।
১৯৫৩ সালের জুলাইয়ে কিউবার সান্তিয়াগো দে কিউবা শহরের মোনকাদা সামরিক ব্যারাকে প্রায় ১২০ জন অনুসারী নিয়ে আক্রমণ চালান কাস্ত্রো। তবে অভিযানটি ব্যর্থ হয় এবং তিনি গ্রেপ্তার হয়ে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন; এছাড়া তার দলের অনেক সদস্য প্রাণ হারান। ১৯৫৫ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেয়ে তিনি মেক্সিকো চলে যান এবং সেখানে বিপ্লবী আর্নেস্তো ‘চে’ গুয়েভারার সঙ্গে তার পরিচয় হয়। দুজনে মিলে কিউবায় ফিরে সশস্ত্র বিপ্লব চালিয়ে যাওয়ার রূপরেখা তৈরি করেন।
১৯৫৬ সালে কাস্ত্রো ও তার ৮১ জন সহযোদ্ধা ‘গ্রানমা’ নামক প্রমোদতরীতে করে কিউবার পূর্ব উপকূলে পৌঁছান। সেখানে সরকারি বাহিনীর অতর্কিত হামলায় তাদের অধিকাংশই নিহত বা ছত্রভঙ্গ হয়ে যান। প্রাণে বেঁচে যাওয়া আনুমানিক ১৯ জনের মধ্যে ছিলেন কাস্ত্রো, তার ভাই রাউল ও চে গুয়েভারা। তারা পরবর্তীতে সিয়েরা মায়েস্ত্রা পর্বতমালায় নিরাপদ আশ্রয় নেন।
পাহাড় থেকে ছোট ছোট সামরিক চৌকিতে আকস্মিক হামলা চালিয়ে অস্ত্র সংগ্রহ করতে শুরু করেন বিপ্লবীরা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের দলে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। ১৯৫৮ সালে বাতিস্তা সরকার বিমান ও নৌবাহিনীর সহায়তায় বিপ্লবীদের দমনে ব্যাপক অভিযান পরিচালনা করে।

























