ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে রাজপথের আন্দোলনে সরকার পরিবর্তনের আশা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার অশুভ চেষ্টা চালাচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) কর্ণাটকের কালাবুরাগিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে রাজনাথ সিং এসব কথা বলেন। সমাবেশে তিনি স্পষ্ট জানান, গণতান্ত্রিক ভারতে সরকার পরিবর্তনের একমাত্র উপায় হলো জনগণের রায় ও ভোট, রাস্তায় নৈরাজ্য বা রক্তপাত নয়।
প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের দিকে ইঙ্গিত করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, বিরোধীরা কি ভারতেও একই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ক্ষমতা দখল করতে চায়? তিনি বলেন, ভারত একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ এবং রাজপথে গোলযোগ সৃষ্টি করে দেশটির সংবিধান বা শাসনব্যবস্থাকে দুর্বল করা যাবে না।
রাজনাথ সিং জোর দিয়ে বলেন, রাজনৈতিক ময়দানে লড়াইয়ে ব্যর্থ হয়ে কংগ্রেস এখন অসাংবিধানিক পথ বেছে নেওয়ার চেষ্টা করছে। মোদি সরকারকে আন্দোলনের ভয় দেখিয়ে সরানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার পালাবদল কেবল এবং কেবল ব্যালট বাক্সের মাধ্যমেই সম্পন্ন হবে।
দীর্ঘ ছয় দশক দেশ শাসন করা দল হিসেবে কংগ্রেসের এই ধরনের ভূমিকা গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ মন্তব্য করে রাজনাথ বলেন, বিজেপি কেবল রাজনৈতিক কর্মসূচির জন্য রাজপথে নামেনি, বরং ভারতের সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার শপথে অটল রয়েছে।


























