বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের রিমান্ড বাতিল করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেওনার পীর বলেন, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি রুহুল আমিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। গোপালগঞ্জে ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মুফতি রুহুল আমিন অত্যন্ত অসুস্থ এবং তিনি হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ অবস্থায় রিমান্ডে তার চিকিৎসাসেবা বিঘ্নিত হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাই মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে তার রিমান্ড বাতিল ও মুক্তির জোর দাবি জানান তিনি।

























