চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের মো. আলম (৩৯), সেনোয়ারা বেগম (২৭) এবং কক্সবাজারের খুরুশকুল এলাকার মোশারফ আলী (৩৮)।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, প্রসিকিউশন পক্ষে উপস্থাপিত ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সকল আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই র্যাব-৭-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীতে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় ওই তিন আসামির গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি চালিয়ে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফের কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারার কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার দিনই র্যাব-৭-এর তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে বিচার কাজ শুরু হয়।


























