হাইতির একটি ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রোববার দেশটির সংস্কৃতি মন্ত্রী এমানুয়েল মেনার্ড এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী মেনার্ড জানিয়েছেন, আহতদের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তবে, আহতদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
দেশের প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মিলো শহরের ওই দুর্গে একটি পর্যটন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর সমাগম ঘটেছিল। এই অনুষ্ঠানেই দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পর দুর্গটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রচুর শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন।
উল্লেখ্য, ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর হাইতিতে এই ঐতিহাসিক দুর্গটি নির্মিত হয়েছিল। এটি দেশটির স্বাধীনতার প্রতীক এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত।
রিপোর্টারের নাম 





















