ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের আদেশক্রমে ১০ সদস্যবিশিষ্ট ‘লাইব্রেরি কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গত ৬ এপ্রিল সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে।
কমিটির বিন্যাস অনুযায়ী, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সাঈদ আল নোমান ছাড়াও কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এ. বি. এম আশরাফ উদ্দিন, ডা. মো. মাহবুবুর রহমান, নায়েব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এই কমিটি তাদের দায়িত্ব ও কার্যকাল পরিচালনা করবে।
সাঈদ আল নোমান এই গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পাওয়ায় তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই সংসদ সদস্য সংসদীয় লাইব্রেরির আধুনিকায়ন এবং জ্ঞানভিত্তিক সংসদীয় চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 





















