ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গিয়ে ৭ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীররাতে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দির হাসানপুর নামকস্থানে এসে নিয়ন্ত্রণ হারায়। এরপর ট্রাকটি সড়কের খাদে উল্টে পড়ে যায়। এই সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন নিহত এবং ৬ জন আহত হন।
নিহত ৭ জন শ্রমিকের পরিচয় জানা গেছে। তারা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন, আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন, ফজলুর রহমানের ছেলে সালেক। এছাড়া, বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, বিষু, মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক গভীররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন জানান, তারা রাত ২টা ৪৩ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে ৭টি মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
রিপোর্টারের নাম 





















