বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর দুই মাসও বাকি নেই, এমন সময়েই ঘানা জাতীয় দলে বড় পরিবর্তন এসেছে। অভিজ্ঞ পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজকে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফুটবলে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সোমবার এক বিবৃতিতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নির্বাহী পরিষদ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে সিনিয়র জাতীয় দল ‘ব্ল্যাক স্টারস’-এর দায়িত্ব ৭৩ বছর বয়সী এই কোচের হাতে তুলে দেওয়া হয়েছে।
সবশেষ কুইরোজ ওমান জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর তিনি সেখান থেকে সরে দাঁড়ান। তবে বিশ্বকাপের মঞ্চে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১০ সালে পর্তুগালের হয়ে তিনি প্রথমবার বিশ্বকাপে কোচিং করান, যেখানে তার অধীনে খেলেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোরা। এরপর ইরানের কোচ হিসেবে টানা তিনটি বিশ্বকাপে অংশ নেন তিনি। এবার ঘানার দায়িত্ব নিয়ে কুইরোজ টানা পঞ্চম বিশ্বকাপে ডাগআউটে দেখা যাবে। বিশ্বকাপে তার দলগুলো মোট ১৩টি ম্যাচ খেলে তিনটি জয় পেয়েছে। গত মার্চে অস্ট্রিয়া ও জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর কোচের পদ ছেড়ে দেন ওট্টো আদ্দো। ফলে বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে কোচশূন্য হয়ে পড়ে ঘানা, যা দলটির প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছিল।
মোজাম্বিকে জন্ম নেওয়া এই সাবেক গোলরক্ষক কোচিং ক্যারিয়ারে মিশর, জাপান, কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলও সামলেছেন। তার অভিজ্ঞতাই এখন ঘানার বড় ভরসা। আসন্ন বিশ্বকাপে ঘানা পড়েছে কঠিন এক গ্রুপে। ‘এল’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা। নতুন কোচের অধীনে এই কঠিন চ্যালেঞ্জ তারা কতটা সফলভাবে সামাল দিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
রিপোর্টারের নাম 























