মুক্তিব্যোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির (মুমুপকস) প্রশাসকের বিরুদ্ধে প্রায় ৭০ লাখ টাকা লুটপাটের অভিযোগ তুলে তার দ্রুত অপসারণ দাবি করেছেন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে চিহ্নিত চাঁদাবাজ চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শনিবার রাজধানীর মিরপুরের বিজয় রাকিন সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল বারী অভিযোগ করেন, বর্তমান প্রশাসক আবু মো. ইশতিয়াক আজিজ দায়িত্ব পালনের পরিবর্তে অর্থ আত্মসাতে লিপ্ত রয়েছেন। তিনি অবিলম্বে ২০১৪ সালের বৈধ ভোটার তালিকার ভিত্তিতে একটি স্বচ্ছ নির্বাচনের আয়োজন করার জোর দাবি জানান। অন্যথায় মিরপুর সড়ক অবরোধ করে অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তিনি।
বক্তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি জালিয়াতি চক্র সমিতির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সশস্ত্র দুষ্কৃতকারীরা কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লুটপাট হওয়া অর্থ উদ্ধারে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সমিতির নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























