মেডিকেল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে ভালো চিকিৎসকের বিকল্প নেই। আর এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজগুলোকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রোগীদের সেবায় চিকিৎসকদের ত্যাগ ও সহনশীলতার পরিচয় দিতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করার নির্দেশ দিয়ে তিনি বলেন, তারা যেন কোনো ধরনের মানসিক চাপে বা হতাশায় না ভোগে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে। করোনাকালে চিকিৎসকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জীবন বাজি রেখে তারা যেভাবে সেবা দিয়েছেন তা অতুলনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ চিকিৎসা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























