খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সফল অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়ার কাঁঠালতলি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৪০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) একটি টহল দল সীমান্ত সড়কের পাশে অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চার সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তারা মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ গুলি পাওয়া যায়।
অভিযান শেষে ফেরার পথে সন্ত্রাসীদের একটি দল বিজিবি সদস্যদের ঘিরে ফেলার চেষ্টা করলে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে অতিরিক্ত সেনা পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
রিপোর্টারের নাম 
























