কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সরকারি কোয়ার্টার থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাবেয়া আক্তার ফেরদৌসী (২৮) রামু ব্যাটালিয়ন-৩০ বিজিবির সুবেদার মেজর মো. বজলুর রশিদের কন্যা। শুক্রবার বিকেলে উপজেলার রাজারকুল ইউনিয়নে অবস্থিত বিজিবির জেসিও কোয়ার্টারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে বাবার সরকারি বাসভবনের একটি কক্ষে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন রাবেয়া। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা দ্রুত তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রাবেয়ার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং তাদের দুটি সন্তান রয়েছে। গত ছয় মাস ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























