যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে এপস্টেইনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক ছিল না এবং তিনি তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন।
সম্প্রতি জেফরি এপস্টেইনের সঙ্গে মেলানিয়ার একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মেলানিয়া বলেন, ‘আমার সঙ্গে এপস্টেইনকে জড়িয়ে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যারা এসব বলছে, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে।’ তিনি আরও জানান যে, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হওয়ার দুই বছর পর এপস্টেইনের সঙ্গে পরিচিত হন এবং এপস্টেইন তাকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি।
উল্লেখ্য, জেফরি এপস্টেইন ২০১৯ সালে কারাগারে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অপ্রাপ্তবয়স্কদের পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি ছিলেন। তার মৃত্যুর পরও এই কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি আলোচিত বিষয় হয়ে আছে। মেলানিয়া ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি এপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলেন না, তার বিমানে চড়েননি বা তার ব্যক্তিগত দ্বীপেও যাননি।
রিপোর্টারের নাম 





















